শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

গাজীপুরে অপহরণের পর মুক্তিপণের টাকা দিয়ে মুক্তি পেলেন চিকিৎসক

স্টাফ রিপোর্টার গাজীপুর : গাজীপুরে চিকিৎসা দিতে এসে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন এক চিকিৎসক।
জেলার শ্রীপুরে চিকিৎসা দিতে এসে ফেরার সময় শনিবার রাতে অপহরণের শিকার হয়েছিলেন চিকিৎসক আমিনুর রহমান(৪০)। পরে মারধর করে কান্নার শব্দ শুনিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা । ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে গাজীপুরের একটি স্থান থেকে ছাড়া পেয়ে বোরবার ভোর রাতে আহত অবস্থায় বাসায় ফিরেন ওই চিকিৎসক।
তার বাসার ফেরার নিশ্চিত করেছেন চিকিৎসক আমিনুর রহমানের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন। তিনি বলেন, রাত ৩টা পর্যন্ত অপহরণকারীরা পরিবারের সাথে যোগাযোগ করে কয়েক দফায় টাকা নেয়। এর পর ভোর রাত ৪টার দিকে আহত অবস্থায় তাকে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয় অপহরণকারীরা। তাকে ছেড়ে দেওয়ার আগে তার কাছে থাকা ক্রেডিট কার্ড থেকে টাকা, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায় অপহরণকারীরা। এর আগে চিকিৎসকের স্ত্রী মোসা. লুনার কাছে ফোন দিয়ে অপহরণকারীরা স্বামীকে দফায় দফায় মারধর করে কান্নার শব্দ শুনিয়ে টাকা দাবি করেছিলেন।
আমিনুর রহমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কচুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক।

অনলাইন আপডেট

আর্কাইভ